Breaking News:


একুশে আগস্ট গ্রেনেড হামলা: খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

  • ১১:৩৮ এএম, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ শুনানি পরিচালনা করছেন। বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীরা আদালতে উপস্থিত আছেন।

এর আগে ১৭ জুলাই এ আপিলের শুনানি শুরু হয়। ১৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। গত ১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ।

চাঞ্চল্যকর এই মামলায় ২০২৪ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড বাতিল করে সব আসামিকে খালাস দেয়। রায়ে আদালত উল্লেখ করেন, মামলাটির বিচার ‘আইনসঙ্গত ছিল না’।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন, আহত হন শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী।

২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপি নেতা তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন, যা বর্তমানে আপিল বিভাগে চ্যালেঞ্জের মুখে পড়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech