Breaking News:


এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র

  • ১১:১৮ এএম, শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৪ সালে এর নিজস্ব সম্পদ থেকে ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং তার অংশীদারদের সহযোগিতায় ১৪.৯ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য এ অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এডিবি।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল এডিবি’র বার্ষিক প্রতিবেদন, ২০২৪-তে প্রতিষ্ঠানটির আর্থিক ও পরিচালনাগত ফলাফল প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক উন্নয়নের দিকে অগ্রগতি অর্জনের জন্য এডিবি কীভাবে তার উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসি) সমর্থন করেছে- তা সংক্ষিপ্তসার তুলে ধরা হয়েছে।

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, আমাদের বর্ধিত আর্থিক শক্তি ও সুদৃঢ় কৌশলগত লক্ষ্যের মাধ্যমে, এডিবি প্রতিশ্রুতিকে বাস্তব ফলাফলে রূপান্তরিত করছে।

তিনি আরো বলেন, আমরা আরও সাশ্রয়ী মূল্যের এবং দক্ষ জ্বালানি ও পরিবহন ব্যবস্থায় অর্থায়ন করছি, উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টিকারী একটি প্রাণবন্ত বেসরকারি খাতকে সমর্থন করছি এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় মৌলিক পরিষেবাগুলোকে শক্তিশালী করছি। আমাদের অংশীদারদের সাথে আমরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলছি।

২৪.৩ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে ঋণ, অনুদান, ইক্যুইটি বিনিয়োগ, গ্যারান্টি এবং সরকার ও বেসরকারি খাতকে প্রযুক্তিগত সহায়তা প্রদান।

২০২৪ সালে ১০ লাখ প্রত্যক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি অনুযায়ী এডিবি তার বেসরকারি খাতের প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে ৪.৮ বিলিয়ন ডলার প্রদান করেছে, যা ২০২৩ সালের তুলনায় ২৮.৫% বেশি।

এই অর্থায়ন সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতায় ব্যবসা বান্ধব  পরিবেশ, পুঁজিবাজার জোরদার ও বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করেছে।

প্রতিবেদনে এডিবি একটি বৃহত্তর, উন্নত ও অধিকতর কার্যকর উন্নয়ন ব্যাংক হয়ে ওঠার বিষয়টি তুলে ধরেছে।

এডিবি উৎপাদনশীল ও স্থিতিস্থাপক খাদ্য উৎপাদন ব্যবস্থা তৈরি, চরম ও বিরূপ আবহাওয়াজনিত ক্ষতিকারক প্রভাব হ্রাস এবং পরিবেশগত অবক্ষয় ও জীববৈচিত্র্যের ক্ষতি প্রতিরোধ করতে বছরব্যাপী আরও বিভিন্ন ধরনের আর্থিক ও জ্ঞানভিত্তিক সহায়তাও করেছে।

এডিবি সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন, আর্থিক ঝুঁকি মোকাবেলা, উন্নত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং বাজেটের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে তার উন্নয়নশীল সদস্য দেশগুলোকে সহায়তা করেছে।

এডিবি একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধিকে সমর্থন করে।

চ্যালেঞ্জগুলো একসঙ্গে সমাধানের জন্য এডিবি তার সদস্য ও অংশীদারদের সঙ্গে কাজ করে জীবন মানের উন্নয়ন, মানসম্পন্ন অবকাঠামো তৈরি করতে ও আমাদের এই গ্রহকে সুরক্ষিত করার জন্য উদ্ভাবনী আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্ব ব্যবহার করে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি’র সদস্যদেশ সংখ্যা ৬৯। এর মধ্যে ৪৯টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech