।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি ভারতের প্রধান সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)এ তথ্য জানিয়েছে।
পিটিআই জানায়, রাষ্ট্রপতির ভাষণের পর লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে প্রয়াতদের স্মরণে শোক বার্তা পাঠ করা হয়।
তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম জিয়ার ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’
লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম জিয়ার ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
রাজ্যসভায়ও একই দিনে শোক প্রস্তাব গৃহীত হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের রাজ্যসভার সাবেক দুই সদস্যের স্মরণে শোক বার্তা পাঠ করেন। পরে অধিবেশনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাধাকৃষ্ণন বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে বেগম জিয়ার অবদান গুরুত্বপূর্ণ। তিনি প্রয়াত নেত্রীর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্বকালীন সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন। রাজ্যসভার চেয়ারম্যান বলেন, সেক্রেটারি জেনারেল প্রয়াতদের পরিবারের সদস্যদের কাছে আমাদের গভীর শোক ও সহানুভূতির বার্তা পৌঁছে দেবেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।