।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় এসে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।
শুক্রবার ৫ ডিসেম্বর সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।
তিনি বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রবিবার (৭ তারিখ) ফ্লাই করবেন।
সব কিছু ঠিক থাকলে শুক্রবার ৫ ডিসেম্বর যেকোনো সময় তার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে।
এদিকে, চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় পৌছছেন। শুক্রবার বেলা পৌনে ১১টায় জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে গতকাল বৃহস্পতিবার ৪ ডিসেম্বর জানানো হয়েছিল শুক্রবার ৫ ডিসেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। তবে এর মধ্যেই বিএনপি মহাসচিব জানিয়েছেন খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানো হয়েছে।
উল্লেখ্য যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।