চলতি কর বছরে ২০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন দাখিল

  • ১০:৪৪ এএম, রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

শনিবার ২৯ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করার পর থেকেই করদাতারা অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন। ফলে তিন মাসের মধ্যেই ই-রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তি-শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

এনবিআর জানিয়েছে, বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব ব্যক্তিকে এ বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও চাইলে ই-রিটার্ন জমা দিতে পারেন।

২০২৫-২৬ কর বছরে বেশ কয়েক শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাদকতা হতে অব্যাহতি দেওয়া হলেও তারা ইচ্ছা পোষণ করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত করদাতাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকলেও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে।

করদাতারা কোনও কাগজপত্র আপলোড না করেই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সিস্টেমে এন্ট্রি করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পরই তারা নিজেই অনলাইনে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও কর সনদ প্রিন্ট করতে পারছেন, যা দেশে-বিদেশে ই-রিটার্নকে জনপ্রিয় করে তুলেছে বলে এনবিআর জানিয়েছে।

ই-রিটার্ন সহজ করতে এ বছরও করদাতা, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ও চার্টার্ড সেক্রেটারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, ই-রিটার্ন সংক্রান্ত যেকোনও সহযোগিতার জন্য ০৯৬৪৩-৭১-৭১-৭১ নম্বরের কল সেন্টার সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি ই-ট্যাক্স সার্ভিস পোর্টালে সমস্যা জানালে তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। সারাদেশের কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্কও কার্যক্রম চালাচ্ছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর সব ব্যক্তি করদাতাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech