।।বিকে রিপোর্ট।।
আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।
শনিবার ২৬ জুলাই বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪ দল ও অন্যান্য জোটের প্রতিনিধিদের বৈঠক শেষে এই তথ্য জানান তারা।
১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা সুদীর্ঘক্ষণ ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে আলোচনা করেছি। প্রধান উপদেষ্টা আমাদের স্পষ্টভাবে বলেছেন যে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচন নিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা ও তারিখ জাতির সামনে তুলে ধরা হবে।
বর্তমান সংকট নিরসনে নির্বাচনই একমাত্র পথ—এ বিষয়েও তিনি পরিষ্কারভাবে মত দিয়েছেন।
তিনি আরও বলেন, এরচেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচাইতে ফলপ্রসূ বিষয় এটাই।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, জুলাই সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে কবে নির্বাচন হবে ও কীভাবে হবে, তা তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবেন। তিনি আজ আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনের নির্দিষ্ট দিন-তারিখসহ বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে চলমান অপপ্রচারের বিষয়ে আলোচনা হয়েছে এবং সহযোগিতা চাওয়া হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, ৫ আগস্টের আগের মতো আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। পরাজিত শক্তি যেন কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৈঠকে ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার ছাড়া আরো ছিলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ- মার্কসবাদীর মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।
এর আগে গত বুধবার দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার আগের দিন রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।