।।বিকে ডেস্ক।।
রাজধানীর আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার ২২ নভেম্বর সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
এ মেলার আয়োজক এসএমই ফাউন্ডেশন। মেলায় সারাদেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানের উদ্যোক্তা নারী।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগের আয়োজন থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে উদ্যোক্তারা ঋণের তথ্য জানতে এবং সমঝোতা হলে মেলাতেই আবেদন করতে পারবেন।
এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন এবং এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।
২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।