।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো এবং এমএস নাউয়ের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর অংশ হিসেবে শনিবার ১৯ সেপ্টেম্ব সিএনএনের সাংবাদিকদের আর মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া এমএস নাউয়ের সাংবাদিকরাও হোয়াইট হাউজে প্রবেশ করতে পারেননি।
সিএনএন জানিয়েছে, তাদের সংবাদদাতা বেটসি ক্লেনকে হোয়াইট হাউজে ঢুকতে না দিয়ে তার প্রেস পাস বাজেয়াপ্ত করা হয়েছে।
দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, সাংবাদিদের প্রবেশে বাধা দেওয়া সম্পূর্ণ সংবিধান পরিপন্থি।
এ ব্যাপারে এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, “আজ সকালের শুরুতে সিএনএনের সাংবাদিকদের হোয়াইট হাউজ প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হয়নি। স্বশরীরে হোয়াইট হাউজ বা অন্যান্য সরকারি দপ্তরে আমাদের প্রতিনিধিদের প্রবেশ করতে না দেওয়ার চেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সরকারকে নিয়ে সংবাদ প্রকাশে সিএনএনের যে মিশন আছে তা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সরকারের কাছ থেকে কোনো বাধা ছাড়া আমাদের সাংবাদিকতা করার অধিকার রয়েছে। আর (ট্রাম্পের) নিষেধাজ্ঞা আমাদের সেই সাংবিধানিক অধিকারের ওপর হামলা।”
সিএনএনের সংবাদদাতা বেটসি ক্লেন জানিয়েছেন, হোয়াইট হাউজে যাওয়ার পর গোয়েন্দা সংস্থার এক সদস্য তাকে জানান, তার প্রেস পাস অকার্যকর করে দেওয়া হয়েছে।
তিনি বলেছেন, “আমি গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞেস করেছি কেন আমার পাস অকার্যকর করা হয়েছে, এর কোনো কারণ কি তিনি জানাতে পারবেন। কিন্তু তিনি জানান তার কাছে এর বেশি আর তথ্য নেই। আমি আবারও তাকে এ নিয়ে প্রশ্ন করলে ওই গোয়েন্দা কর্মকর্তা আমাকে হোয়াইট হাউজের প্রেস অফিসে যোগাযোগ করতে বলেন।”
এমএস নাউয়ের সাংবাদিক আকায়লা গার্ডনার জানিয়েছেন, হোয়াইট হাউজে ঢুকতে গেলে তাকে পাস হস্তান্তর করতে বলা হয়। এ ব্যাপারে জিজ্ঞেস করলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, তার কাছে এর উত্তর নেই।
ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন এ সংবাদমাধ্যমগুলো মিথ্যা তথ্য ছড়ায়। তাই তাদের সাংবাদিকদের হোয়াইট হাউজে ঢুকতে দেওয়া হবে না।
এদিকে সিএনএন ও এমএস নাউ কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে তারা ট্রাম্পের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।
সূত্র: সিএনএন