।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়াল। এর মধ্যে গত মাসে (জুলাই) ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৮০ জন।
সোমবার ৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮১, চট্টগ্রাম বিভাগে ৭৯, ঢাকা বিভাগে ১২৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮, খুলনা বিভাগে ৬৭, ময়মনসিংহ বিভাগে ৩৬, রাজশাহী বিভাগে ২২, রংপুর বিভাগে ৩১ ও সিলেট বিভাগে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬৮৪ জন। এর মধ্যে চলতি মাসে ১ হাজার ৩৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।