ঢাকায় হঠাৎ বৃষ্টি : ঝড়ো বাতাস ও বজ্রপাত

  • ০৯:৩৮ পিএম, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলমান তীব্র গরমের মাঝে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে। এতে তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিলছে রাজধানীবাসীর।

শনিবার ৫ এপ্রিল শেষ বিকেলের দিকে রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। সন্ধ্যা ৭টার দিকে দিকে হঠাৎ করেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। প্রথমে বালু ঝড়ে পুরো এলাকা অন্ধকার হয়ে গেলেও পরক্ষনেই বৃষ্টিতে স্বস্তি নেমে আসে নগরবাসীর মাঝে।

পলকের মধ্যে পরিবেশ ঠান্ডা হয়ে যায় এবং গরমের তীব্রতা থেকে মুক্তি পায় রাজধানীবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অবশ্য, হঠাৎ বৃষ্টির কারণে স্বস্তির পাশাপাশি অপ্রস্তুত নগরবাসীর দুর্ভোগও ছিল বেশ। রাজধানীর কিছু এলাকায় বাইরে থাকা মানুষ বিপাকে পড়েন। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।

এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech