দিল্লিতে পুতিন, স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী! করমর্দনের সঙ্গে হল আলিঙ্গনও

  • ০৯:১৯ পিএম, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: আনন্দবাজার, সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দু’দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছোলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় তাঁকে স্বাগত জানাতে দিল্লির পালমে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে শুরুতেই বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির হয়েছিলেন মোদী। ২০১৮-য় ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও মোদী নিজেই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন।

আজও তেমনি প্রোটোকল ভেঙে রানওয়েতে দাঁড়িয়েই বরণ করেন পুতিনকে। করমর্দনের পরে আলিঙ্গন করে নয়াদিল্লি-মস্কোর মৈত্রীর গভরি বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তার পরে একই গাড়িতে রওনা হলেন তাঁরা।

উল্লেখ্য, সাধারণ প্রোটোকল অনুযায়ী কোনও বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে এলে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকেন বিদেশমন্ত্রী বা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী। কখনও বা দায়িত্বপ্রাপ্ত অন্য কোনও মন্ত্রী।

এ বারের সফরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষবৈঠকে যোগদান করবেন পুতিন। পাশাপাশি, শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে। তার মধ্যে অন্যতম, রাশিয়া থেকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকালে পুতিন বলেন, বলেন, মহাকাশ গবেষণা, পরমাণুশক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ-সহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতের স্বার্থে ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে।

তিনি জানিয়েছেন, ভারত এবং রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও আলোচনা করবে।

এদিকে এনডিটিভি বলেছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।

এরপর শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি। তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।

এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। তারপর তার সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, রুশ প্রেসিডেন্ট পুতিন বৃহৎ একটি ব্যবসায়ী দল নিয়ে ভারত সফর করছেন। অন্যতম পুরোনো কৌশলগত অংশীদার ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রুশ ব্যবসায়ীদের। সূত্র- আনন্দবাজার/এনডিটিভি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech