জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জননিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার বদ্ধপরিকর। দেশের প্রতিটি জনপদকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন পর্যালোচনা সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স কমিটি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায়- প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেও যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কোনো অবনতি কোথাও নেই।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীদের সমাজের স্বল্প আয়ের জনসাধারণের কথা বিবেচনা করে তাদের সমস্যা মাথায় রেখে কাজ করতে হবে। সাধারণ মানুষের কথা ভাবুন, তারা যেসব সেবা নিতে আসে তাদের কাজ করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছিল তা এখন পুরো দেশের ও জনগণের ইশতেহার হয়ে গেছে।
জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনারুল হক আনু প্রমুখ।