।।বিকে রিপোর্ট।।
অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ থেকে নতুন সময়সূচীতে চলছে মেট্রোরেল। প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।
রবিবার ১৯ অক্টোবর সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। বরে ডিএমটিসিএল সূত্রে জানিয়েছে।
নতুন সময় অনুযায়ী, উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
শুধু তাই নয়, শুক্রবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শুক্রবার মেট্রোরেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো বিকেল ৩টায়।
ডিএমটিসি্এল জানায়, যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে।
সরেজমিন দেখা গেছে, রোববার সকালে যাত্রী তুলনামূলক কম হলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে স্টেশনে ভিড় বাড়তে থাকে। যাত্রীরা এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন।
বর্তমানে প্রতিদিন ৪ লাখেরও বেশি যাত্রী উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করছেন। যাত্রীরা ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানো এবং পিক আওয়ারে দুই ট্রেনের মাঝের ব্যবধান কমানোর দাবিও জানিয়েছেন।
এ বিষয়ে মেট্রোরেল নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।