শিরোনাম :
ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধসহ নানা অভিযোগে অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী মোদীর পক্ষে ট্রাম্পের পোস্ট, মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের মিরপুরে আরেক যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

  • ১১:১৩ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার ১০ নভেম্বর সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। সবাই মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো ভবনে ঘন ও বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। ঘুমন্ত অবস্থাতেই শিক্ষার্থীরা তীব্র শ্বাসকষ্ট ও ‘ইনহেলেশন বার্ন’ (শ্বাসনালি পুড়ে যাওয়া)-এ আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে পৌঁছে। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লেগেছিল। আর সেখানে লাইব্রেরি ছিল বলে জানিয়েছেন হাসপাতালে আসা শিক্ষার্থীরা। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech