।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এতে সামান্য কমে যেতে পারে দিনের তাপমাত্রা, কমতে পারে গরমের অনুভূতিও। একইসঙ্গে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা।
বৃহস্পতিবার ৭ আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজকের প্রথমার্ধে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসও বয়ে যেতে পারে। এর ফলে গরম কিছুটা কমে আসবে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।