Breaking News:


বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব – তারেক রহমান

  • ১০:০৯ পিএম, শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব- বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার ৮ আগস্ট গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সভায় অংশ নেন।

তারেক রহমান যুগপৎ সঙ্গী দলগুলোর নেতাদের বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদ পতনের পথ তৈরি হয়েছে। জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থান সেই পথ আরও সুস্পষ্ট করে দিয়েছে। এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে নির্ধারক।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।

নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে অতীতে যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে বিএনপি সরে আসবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুগপৎ সঙ্গীদের আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech