।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১টি ফিশিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার রাতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গভীর সাগর থেকে ভারতীয় এসব জেলেদের আটক করে। রবিবার বিকালে আটক জেলেদের বহনকারী ফিশিং ট্রলার এফবি পারমিতা নৌবাহিনীর একটি জাহাজ মোংলার দিগরাজে নৌ-ঘাঁটিতে নিয়ে আসে।
আটক ভারতীয় ফিশিং ট্র্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এ ছাড়া ওই ট্রলারসহ জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত ১৪ই জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চণ্ডী নামে ২টি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌ-বাহিনী। সূত্র-মানব জমিন।