।। বিকে রিপোর্টস ।।
রেমিট্যান্স বা প্রবাসী আয় মার্চ মাসের ২৩ দিনে প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের (২৮২ কোটি ৮০ লাখ ডলার) এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।
মঙ্গলবার ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৫ হাজার ২৮১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১ হাজার ১২৩ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের ২৩ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮২৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের একই মাসের তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার।