যুবকের আত্মহত্যা : স্ত্রী-সন্তানকে হত্যার পর

  • ১১:০৮ এএম, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জয় সরকারের মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়। 

নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন জয় সরকার নামে এক যুবক।

বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাসের কন্যা জিনি সরকার।

স্থানীয়রা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান আবার ফিরেন আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ওই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত জয় ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন বাবা-মেয়ের মৃত্যু হয়। 

আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই বৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। 

ওসি বলেন, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার পর নিজেও আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech