।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে আজও বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বাড়তে পারে।
সোমবার ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সাগরে সৃষ্টি লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের প্রথমার্ধে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন অবস্থা বিরাজ করতে পারে। এছাড়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে জানানো তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আট বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সারাদেশে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।