।।বিকে ডেস্ক।।
জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এরা ইসলামে বিশ্বাস করে না। এরা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে।
বুধবার ৩ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা আল বদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?
তিনি বলেন, মানুষ খুব শিক্ষিত না হলেও একেরারে বোকা নয়—কাউকে সহজে ভুল পথে নেওয়া যাবে না। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ।
তিনি বলেন, কোনও ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ এটা অসভ্য দল। তাদের (রাজাকার-আলবদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু। বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল। এরাও মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না। শুধু মুসলমানের লেবাস আছে।
এদের হাত থেকে বেঁচে থাকবেন। এরা বাসায়-বাসায় যাচ্ছে, মা-বোনদের কাছে গিয়ে পানি চাচ্ছে। এরপর বলছে- জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবেন। না দিলে আপনার ক্ষতি হবে। এ ছাড়াও নানান ধরনের কথা বলছেন। এরা কত বড় ধান্দাবাজ।
দেশবাসীকে এসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, আমি জনগণকে অনুরোধ করব, এসব মানুষের হাত থেকে বাঁচুন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। সুত্র: আমাদের সময়।