।।বিকে রিপোর্ট।।
ভোররাত থেকেই রাজধানীতে ঝরছে বজ্রসহ মুষলধারে বৃষ্টি। প্রায় ৩/৪ ঘন্টার টানা বৃস্টিতে নগরীর অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
সোমবার ২২ সেপ্টেম্বর ভোরে শুরু হওয়া বৃষ্টি সকাল ৮টা পর্যন্ত অব্যহত ছিল।
মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকের কিছু এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কিছু এলাকাতেও পানি জমে আছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকাতে যানজটও তৈরি হয়েছে।
আকাশ ঘন মেঘে ছেয়ে আছে, সূর্যের দেখা না পাওয়ায় সকাল ৮টায় দিকেও অন্ধকার হয়ে আছে চারপাশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রবিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতিকে দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাতে জানানো হয়েছে এরমধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর আগে ঢাকায় ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। রবিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছিল- ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, আজ সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক যায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুএক যায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।