।।বিকে ডেস্ক।।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনন্দন বার্তায় জারদারি আস্থা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতি স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে।
জারদারি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ফখরুলকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা গভীর করার সুযোগ সৃষ্টি করবে। প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রপতি ফখরুলকে তার দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
মালদ্বীপ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু।
তিনি এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যে সহযোগিতা, গভীরতা ও পরিধি আরও বৃদ্ধি পাবে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নেপাল
অন্যদিকে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
ঢাকাস্থ নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক অভিনন্দন বার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পৌডেল নেপাল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নেপালের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে বলে প্রেসিডেন্ট পৌডেল আশা প্রকাশ করেন।