‘শাপলা কলি’ প্রতীকে সনদ গ্রহন করলো এনসিপি : রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণার আহ্বান

  • ১১:৪৬ এএম, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিদ্যমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের জন্য নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করা ইসির কর্তব্য বলেও জানান তিনি।

বুধবার ৩ ডিসেম্বর বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সনদ গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

নাহিদ বলেন, নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি।

কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা এনসিপির আহ্বায়কের। তিনি বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন-প্রত্যেকটি দলকে তার নিজস্ব প্রতীক ও নিজস্ব আদর্শে নির্বাচন করা উচিত। কোনো দলের সাথে সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত।

নাহিদ ইসলাম আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে যে, হলফনামায় যে তথ্য প্রার্থীরা নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে, সে তথ্য যাতে যাচাই-বাছাই করে এবং সে তথ্যে যদি ভুল থাকে, নির্বাচন কমিশন থেকে যাতে ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া, ইসির যে আইন বা বিধিমালা, সেটি যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, সে ব্যাপারেও আলাপ করেছি।

গণভোট নিয়ে সঠিক প্রচারণার অনুরোধ জানিয়ে নাহিদ বলেন, ‘গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রশ্নের বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রচারণা চালাতে হবে।’ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে, সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। এর আগে সিইসির সঙ্গে বৈঠক করে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। এ সময় শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ দলটি।

নাহিদ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল নিয়ে সুস্পষ্টতার অভাব তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই ইসির তফসিল ঘোষণা করা উচিত। তবে নির্বাচন কমিশন তফসিল নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানায়নি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়েই যেন ইসি তফসিল ঘোষণা করে, সে বিষয়ে এনসিপি দাবি জানিয়েছে।

তিনি আরও বলেন, তফসিল এমন সময়ে দেওয়া হোক যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং সব দল যেন রাজনৈতিকভাবে নিজেদের ফুটিয়ে তোলার সমান সুযোগ পায়।

এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোটের শুধু একটি প্রশ্নই থাকলে ভালো হতো। জুলাই সনদ বাস্তবায়নে রাজি নাকি রাজি না। এখন এতগুলো প্রশ্ন থাকায় জটিল হয়ে গেছে ব্যাপারটা।

অন্যদিকে, নাসীরুউদ্দীন পাটওয়ারী গণতন্ত্রের জন্য লড়াই করা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের আবেগ তুলে ধরেন।

তিনি সরকারের পক্ষ থেকেও সম্মান জানানোর উদ্যোগকে ইতোবাচক দৃষ্টিতে দেখেন। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই। বেগম জিয়ার প্রতি আবেগ অনুভূতি শুধু বিএনপির একার নয়। তার প্রতি দেশের সব মানুষেরই আবেগ, অনুভূতি আছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech