Breaking News:


শিরোনাম :
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : আগামী বছর থেকে খরচ কমানোর চেষ্টা করবে সরকার চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

  • ১১:৩৪ এএম, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ বিদ্যমান আইনি ও বিচারিক কাঠামো অনুযায়ী বিবেচনা করছে ভারত।

শুক্রবার ১৭ এপ্রিল সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

জয়সওয়াল বলেন, (বাংলাদেশের) অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। আমরা এই ইস্যুতে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার তীব্র আন্দোলন ও অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে পালিয়ে ভারতে যান। বর্তমানে দেশটির কেন্দ্রীয় সরকারের আশ্রয়ে নয়াদিল্লিতে একটি বাড়িতে থাকছেন তিনি। এরপর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

অভ্যুত্থানের পর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। ভারতের সরকারের পক্ষ থেকে সে সময়ও বলা হয়েছিল— অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনকারী দল বিএনপি সম্প্রতি সেই নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছে। শুক্রবারের ব্রিফিংয়ে নতুন এই আইনের ব্যাপারেও জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

তবে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সম্প্রতি ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে অনুরোধ জানায়। এর ধারাবাহিকতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সম্প্রতি নয়াদিল্লি সফর করেন এবং এস জয়শঙ্করসহ বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানান।

আজকের ব্রিফিংয়ে মুখপাত্র জয়সওয়াল বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, (বাংলাদেশের) নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও বাড়ানোর ক্ষেত্রে উভয়পক্ষ একমত হয়েছে। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি বিনিময়ের জন্য খুব শিগগির সরকারি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech