সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে যা বললেন রাশেদ খান

  • ০৪:২১ পিএম, বুধবার, ৪ মার্চ, ২০২৬

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, ‘আপনারাই তো তাকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাস্তবতা মেনে নিয়ে গঠনমূলক পরামর্শ দিলেই বরং বেটার এবং ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করা উচিত।’ 

বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

পোস্টের শুরুতে রাশেদ খান বলেন, ‘সংসদ অধিবেশন কোনোভাবেই বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হতে পারে না! জনগণ তো সেটিই চেয়েছিল। কিন্তু ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে রাষ্ট্রপতির পুনর্জীবন দেওয়া হয়েছে বা বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ কি সেটি চেয়েছিল? আপনারাই তো তাকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাস্তবতা মেনে নিয়ে গঠনমূলক পরামর্শ দিলেই বরং বেটার এবং ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করা উচিত।’ 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এ নেতা বলেন, ‘৮ আগস্ট সংবিধান মেনে শপথ করে সংবিধানেরও বৈধতা দিয়ে দিয়েছেন। আপনাদের এই ভুলের খেসারত দিতে হচ্ছে বিএনপিকে। সেই নিজেদের দোষ ঢাকার জন্য জনগণের সামনে ধোয়া তুলিস পাতা সেজে বসে আছেন। আর সব দোষ দিচ্ছেন বিএনপিকে..! আপনারা বাসর রাতে বিড়াল মারতে পারেননি, সেই ব্যর্থতা ঢাকতে এখন কতশত চটকদার বক্তব্য!’

রাশেদ খান বলেন, ‘সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার জন্য আপনাদের যুক্তি হলো, আপনারা শপথ না নিলে আর্মি ক্ষমতা দখল করে নিতো! আর্মির জুজুর ভয় দেখিয়ে তো আপনারা রাষ্ট্রে ক্যু করে ১৮ মাস সংস্কার ও বিচারের জন্য সময় নিলেন। কিন্তু সংস্কারের নামে দেশে কি করেছেন, সেটা কি কারো অজানা!’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech