সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত : রবিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু

ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় গত বুধবার থেকে শুরু হওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দুই সংগঠন।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্বার্থ ও মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় আগামী রবিবার ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে এবং বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে।

এতে আরও বলা হয়, সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের অংশ হিসেবে চলমান কর্মসূচি অব্যাহত থাকলেও শিক্ষার্থীদের ক্ষতি না করে পরীক্ষা সম্পন্ন করতে উভয় পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, পরবর্তী কর্মসূচি আলোচনা করে ঘোষণা করা হবে বলেও যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন চলমান অবস্থায় ভিন্ন জেলায় বদলি করা হয়েছে আন্দোলনে যুক্ত ৪২ শিক্ষককে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৪ ডিসেম্বরের আদেশে এ বদলি অনুমোদন দেওয়া হয়। তালিকায় আন্দোলনের পাঁচ শীর্ষ নেতা খায়রুন নাহার লিপি, মো. শামছুদ্দীন মাসুদ, মো. আবুল কাশেম, মো. মাহবুবর রহমান এবং মো. মনিরুজ্জামানও রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech