Breaking News:


হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি : ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

  • ০২:২৯ পিএম, রবিবার, ১৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরাইলের তেল আবিব থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা।

ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছেন হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী।

রবিবার ১৮ মে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয়।

চ্যানেল ১২ জানায়, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

বেন গুরিয়ন হলো ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে বিমান ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা। তারা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এর ফলে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এই হামলার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

হুথিদের দাবি অনুযায়ী, হামলার পর তেলআবিব ও আশপাশের এলাকায় বসবাসকারী বহু অবৈধ বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে গেছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী এক বিবৃতিতে বলেন, এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলের বর্বরতা ও গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক জবাব।

তিনি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের দেশের স্বাধীনতাকামী জনগণের পাশাপাশি ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা পোষণ করছে।

হুথিদের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ না গাজার ওপর ইসরাইলি আগ্রাসন এবং অবরোধ সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে, ততক্ষণ ইয়েমেন সামরিক অভিযান আরও জোরদার ও সম্প্রসারিত করবে।

এছাড়াও তারা বেনগুরিয়ন বিমানবন্দরে পূর্ণ আকাশপথ অবরোধ এবং লোহিত ও আরব সাগরে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোরও হুমকি দিয়েছে।

হুথিদের উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং তাদের নির্ভুল লক্ষ্যভেদ করার সক্ষমতা ইসরাইলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ হামলার প্রেক্ষিতে ইসরাইল কী ধরনের প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে হুথিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয়, বরং একটি মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech