১ থেকে ৩ ডিসেম্বর ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’: রপ্তানি সম্ভাবনা নিয়ে ঢাকায় প্রথম আয়োজন

  • ১১:২১ এএম, শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আগামী ১ থেকে ৩ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’।

বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় প্রথমবারের মতো সরকারি উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।

আগামী ১ ডিসেম্বর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের প্রদর্শনীটি উদ্বোধন করার কথা রয়েছে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রদর্শনী আয়োজন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ইপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সোর্সিং এক্সপোর বিস্তারিত তথ্য তুলে ধরেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে ইপিবির মহাপরিচালক বেবী রানী কর্মকার ও মো. আকতার হোসেনসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এক্সপোর লক্ষ্য, সার্বিক প্রস্তুতি, বিদেশিদের অংশগ্রহণ ও রপ্তানি খাতের সম্ভাবনা বাড়ানোর নানা কৌশলের কথা তুলে ধরা হয়।

এক্সপোয় বাংলাদেশের প্রধান ৮টি রপ্তানিখাত- তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, হোম ডেকর ও ফার্নিচার, ফার্মাসিউটিক্যাল এবং আইসিটি খাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, পাইকারি ব্যবসায়ী ও সাপ্লাই চেইন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এটি দেশের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন বাজার সৃষ্টিতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এক্সপোতে আফগানিস্তান, চীন, ইরান, জাপান, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে। তারা পণ্য ও সেবা নিয়ে সভা (বিটুবি), পণ্য কেনা ও চুক্তি করতে পারবে।

তিনদিনব্যাপী এই আয়োজনে থাকছে ১০টি বিশেষ সেমিনার, অনলাইন ও অফলাইন B2B মিটিং, ১৫০টিরও বেশি স্টল, নেটওয়ার্কিং ডিনার এবং ফ্যাশন শো। গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫ বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাত এবং সম্ভাবনাময় শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, গ্লোবাল সোর্সিং এক্সপো বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে। এতে নতুন বাজার অনুসন্ধান, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি, ব্র্যান্ড অংশীদারত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থান শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।

ইপিবি আশা করছে, এই এক্সপোর মাধ্যমে দেশের রপ্তানিকারীরা নতুন বাজার অনুসন্ধান, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের সুযোগ পাবেন। এছাড়া এটি বাংলাদেশের অবস্থানকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech