।। বিকে ডেস্ক ।।
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।
বৃহস্পতিবার ২৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে ১ জন মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ জন, চট্টগ্রামে ১ জন, ময়মনসিংহে ১ জন ও রংপুর বিভাগে ২ জন সহ মোট ৭ জন মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৩৬ জন।
বিআরইউ