Breaking News:


শিরোনাম :

বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ০৫:০৫ পিএম, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।

মহান বিজয় দিবসে এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার ১৯ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজয় দিবসের প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই বিজয় দিবস উদ্যাপন করবে। বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই। আগে যেমন ছিল এবারও কর্মসূচি থাকবে; বরং আগের চেয়ে কর্মসূচি বেশি হবে। তবে এবারও প্যারেড কর্মসূচি হবে না। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ হবে না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে রাজনৈতিক কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা বা অন্য কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই।

কোন কর্মসূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, কর্মসূচি আগেও যেভাবে হয়েছে, এখনো একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেড হচ্ছে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech