।।বিকে স্পোর্টস।।
রোনালদো ও জর্জিনার বিয়ের খবর অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন।
সেই সময় একটি বড় আংটির ছবি দিয়ে তিনি বিয়েতে সম্মতির কথা জানিয়েছিলেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল, কবে এবং কোথায় হবে বহু প্রতীক্ষিত বিয়ে?
রোনালদোও একসময় জানিয়েছিলেন, বিশ্বকাপের পর বিয়ে করতে চান। তবে নির্দিষ্ট তারিখ বা স্থান প্রকাশ করেননি। ফলে গত কয়েক মাসে বিয়ের সম্ভাব্য তারিখ ও স্থান নিয়ে নানা জল্পনা ছড়ায়।
আগস্টের শুরুতে সেই জল্পনা আরও বেড়ে যায়। মাসের প্রথম দুই শনিবার ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। এমনকি রোনালদো–জর্জিনার বিয়ে মনে করে আরেক নবদম্পতির বিয়েতে হাজির হয়েছিলেন কিছু ভক্ত!
রোনালদো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি দোকানে তাঁদের পরিচয়। তখন রোনালদো খেলছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে, আর জর্জিনা ওই দোকানে কাজ করতেন।
এরপর সম্পর্ক ধীরে ধীরে গড়িয়েছে পরিবারে। পাঁচ সন্তানকে নিয়ে তাঁদের পারিবারিক জীবনও দীর্ঘদিন ধরে ভক্তদের আগ্রহের কেন্দ্রে। এবার সেই সম্পর্ক পেল নতুন পরিচয়—স্বামী-স্ত্রী।

সবশেষে বিয়ের ফুল ফুটল ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি এখন বিবাহিত।
মঙ্গলবার ১১ আগস্ট সেটাই সত্যি হলো। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে এক পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। বাগ্দানের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর তাঁরা বিয়ের পিঁড়িতে বসলেন। এর মধ্য দিয়ে জর্জিনা ও রোনালদোর দীর্ঘ এক দশকের প্রেম পূর্ণতা পেল।
রোনালদোর বিয়ের খবর নিশ্চিত করেছেন তাঁর প্রতিনিধিরা। রোনালদোর জনসংযোগের দায়িত্বে থাকা ব্রান্সউইক গ্রুপ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সম্পূর্ণ ‘ব্যক্তিগত ও ঘরোয়া’ এই অনুষ্ঠানে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন রোনালদো। জর্জিনার হাতের ওপর তাঁর হাত, দুজনের অনামিকায় আংটি। ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ দুটি শব্দের মাঝে ভালোবাসার একটি ইমো। সমর্থকেরা তাতেই যা বোঝার বুঝে নেন।
৩২ বছর বয়সী জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে জর্জিনা বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় দুজনের মধ্যে পরিচয় থেকে প্রণয়ের সূত্রপাত। জর্জিনার ভাষায় সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’।
২০২৫ সালে ভোগ অ্যারাবিয়া সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জর্জিনা জানান, রোনালদোর সান্নিধ্যে আসার পর তাঁর মনে হয়েছিল, ‘আমরা একে অপরকে চিরকাল ধরে চিনি।’ ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে দুজন একসঙ্গে জনসমক্ষে হাজির হন প্রথমবারের মতো। সে বছরই মে মাসে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জর্জিনার সঙ্গে মন দেওয়া-নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি। ফুটবলের সীমানা ছাড়িয়ে তাঁরা বিশ্বের অন্যতম পরিচিত তারকা জুটি। ফ্যাশন ব্র্যান্ড, হোটেল চেইনসহ বিভিন্ন খাতে তাঁদের বিনিয়োগের পোর্টফোলিও রয়েছে।
রোনালদোর বড় ছেলের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০১০ সালে জন্ম নেওয়া জুনিয়রের মায়ের পরিচয় পর্তুগিজ কিংবদন্তি কখনো প্রকাশ করেননি। ২০১৭ সালের জুনে সারোগেটের মাধ্যমে ইভা মারিয়া ও মাতেওয়ের বাবা হন আল নাসরের এই তারকা। পাঁচ মাস পর তাঁর প্রেমিকা জর্জিনার কোল আলো করে জন্ম নেয় অ্যালানা মার্টিনা। ২০২২ সালে জর্জিনার গর্ভেই জন্মায় দুই যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেল। তবে জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় অ্যাঞ্জেল।
পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে মাঠ মাতানোর পর এখন খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসরে। এই পথে জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ইতালি, স্পেন ও ইংল্যান্ডে জিতেছেন লিগ শিরোপা। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোলের রেকর্ডও রোনালদোর।