শিরোনাম :
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার সিআইডি কার্যালয়, ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির দেশের কিছু অঞ্চলে বৃষ্টির হওয়ার আভাস- কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে

  • ১১:০৩ এএম, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ।

সোমবার ৯ নভেম্বর বিকালে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হবে। ১৮ নভেম্বর চতুর্থ অধিবেশন শেষ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পর ও চতুর্থ অধিবেশনের আগ পর্যন্ত ৩টি অধ্যাদেশ জারি করা হয়। আজ চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে এগুলো উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯২টি ও সিদ্ধান্ত-প্রস্তাবে (বিধি-১৩১) ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। সংসদের সাউন্ড সিস্টেম বিষয়ে চলমান অগ্রগতি সম্পর্কে সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া আজ বিকালে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা অধিবেশন চলাকালীন (প্রায় ৬ মেগাওয়াট, অন?্য সময় আরও কম) বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। এতে এগুলো নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সংসদ সদস্যদের যথেষ্ট সময় রয়েছে।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। গতকালের বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশনে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, এলপিজির দাম বাড়ানো, জুলাই সনদের বাস্তবায়নের মতো বিষয়গুলো আলোচনায় আনতে পারে বিরোধী দল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech