শিরোনাম :
৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সউদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশীর পরিচয় জানাল কনস্যুলেট জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানি : ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ মধ্যরাতে তিন স্থানে নাশকতা- বনানীতে ককটেল বিস্ফোরণ, মহাখালী ও মিরপুরে বাসে আগুন জামায়াতকে ‘লোভী’ আখ্যা দিয়ে ঐক্য নষ্টের অভিযোগ চরমোনাই পীরের সৌদিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে হুথিরা প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ

  • ১২:৫০ পিএম, রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে বিভক্ত করার ‘ষড়যন্ত্র’ এবং অখণ্ড বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

রবিবার ৮ নভেম্বর সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় আখাউড়া স্থলবন্দর সড়ক ও রেলপথ অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন তাঁরা। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের মে মাসে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশলকে ভেঙে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। গত ৪ জুন এ বিষয়ে গেজেটও প্রকাশিত হয়। শুরু থেকেই এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাসুদেব ইউনিয়নবাসী। তবে সেই সমস্যার সুরাহা না করেই সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রস্তাবের নেপথ্যে রয়েছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই নতুন করে ফুঁসে ওঠেন ওই এলাকার সাধারণ মানুষ। তারই জেরে আজ কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামেন তাঁরা।

হঠাৎ এই অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রেল ও সড়কের যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেলপথ অবরোধ থাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস এবং কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেন দুটি নিরাপত্তাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনেই আটকে রাখা হয়েছে। এ ছাড়া মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ আরও বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বিক্ষোভ থেকে যাতে জানমালের কোনো ক্ষতি না হয় এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech