।।বিকে স্পোর্টস।।
সিলেট টেস্টের চতুর্থ ইনিংসে প্রায় এক ঘণ্টা ব্যাট করে ইনিংস ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনের সকালে আরও ১০ ওভার ব্যাট করে আগের দিনের সংগ্রহের সঙ্গে ৫৩ রান যোগ করে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।
জয়ের জন্য বাংলাদেশকে ৭৮ ওভারে ৩৬৯ রান করতে হবে।
এরআগে এদিন আরও তিন উইকেট হারিয়েছে তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।
সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।
এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।
এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে চারশ করেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৩৯৮ রানে তারা থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশপের সঙ্গে জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল, মিরাজ ও নাঈম দুটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানে চড়ে বাংলাদেশ ৩৮৬ রান করে।
শেষ দিন দলকে মাঠে পাঠানোর আগে বাংলাদেশের কোচ বলছিলেন, ‘শেষে ব্যাট করতে নামলে পঞ্চম দিনটা সবসময়ই কঠিন হয়। ভালো ব্যাপার হলো উইকেটটা এখনও ভালো খেলছে, উইকেটে কোনো সমস্যা নেই। ওরা কী করে, তা আমরা অপেক্ষা করে দেখব। আজ সকালে আমরা মাঠে নেমেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলব।’
শুরুটা কেমন হয় সেদিকে চোখ ছিল সিমন্সের, ‘পরিস্থিতি এবং প্রথম ঘণ্টায় কী হয়, তা দেখতে হবে। ওরা কী করে, তা দেখা যাক, তারপর আমরা ঠিক করব দিনের খেলাটা কীভাবে খেলব। এটা একটা টেস্ট ম্যাচ। আপনি টেস্ট ম্যাচ হারতে চান না, আপনি ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন।’