।।বিকে ডেস্ক।।
ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও এটি স্থগিত করা হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করলে জবাবে তিনি বলেছেন, দুই দেশের সুবিধাজনক সময়ে এ সংলাপটি হবে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও বৈঠক হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পরবর্তী কনস্যুলার সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।
এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘অক্টোবরের শেষে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও দুদেশের আলোচনার প্রেক্ষিতে তা পেছানো হয়। এরপর অক্টোবরের শেষে এক কূটনৈতিকপত্রে ১৭ ও ১৮ নভেম্বর ওই সংলাপের তারিখ নির্ধারণের প্রস্তাব করে ভারত। তবে, বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় এই মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে গত সপ্তাহে ভারতকে কূটনৈতিকপত্র পাঠানো হয়।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৭ সালে শুরু হওয়া কনস্যুলার সংলাপ এর আগে চারবার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী দিল্লিতে।