।।বিকে ডেস্ক।।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ২১ নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর তিনি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।
এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের সিনিয়র কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতির পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে যান। এরপর সেখান থেকে হেঁটে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনার অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
নানা আয়োজনে আজ সারাদেশে উদযাপন হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায়। দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করবেন।