।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার ২৭ নভেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষ সময়ে দেশের আবহাওয়ায় শীতের আমেজ থাকলেও আজ বৃষ্টিপাতের উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও ভোর ও রাতের শেষ দিকে তুলনামূলক ঠান্ডা অনুভূত হতে পারে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুর বিভাগের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।