।।বিকে রিপোর্ট।।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
সোমবার ১২ মে রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক অনুমোদিত অধ্যাদেশ জারির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।
এতে রাজস্ব আহরণে অভিজ্ঞদের ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং যে কোন উপযুক্ত সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব করা যাবে।
নতুন অধ্যাদেশে বলা হয়েছে, সরকারের রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করা জরুরি। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই বিদ্যমান কাঠামো ভেঙে দুটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। যেহেতু বর্তমানে সংসদ বিলুপ্ত অবস্থায় রয়েছে, তাই সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জরুরি পরিস্থিতিতে এই অধ্যাদেশ জারি করেছেন।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে। অর্থাৎ ‘পরিবীক্ষণ’ শব্দের পরিবর্তে ‘মূল্যায়ন’ শব্দটি যোগ করা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে।
অন্যদিকে অধ্যাদেশ কার্যকরের পরদিনই রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বিসিএস কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা, নন-ক্যাডার কর্মকর্তা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের অংশগ্রহণে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়। এই ব্যানারে সোমবার সকাল ৯টা থেকে দীর্ঘ নয় ঘণ্টা আলোচনা হয় এবং মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
এর আগে, ৮ মে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ) পৃথক বিবৃতিতে এনবিআর বিলুপ্তির পরিবর্তে কাঠামোগত সংস্কারের দাবি জানায়। পাশাপাশি গত দুই সপ্তাহে আয়কর ও কাস্টমস বিভাগের বিভিন্ন সংগঠন জরুরি সাধারণ সভা (ইজিএম) করে অধ্যাদেশ বাতিলের দাবি জানায়।