।।বিকে রিপোর্ট।।
নির্বাচন কমিশনের শুনানির চতুর্থ দিনের আপিল শুনানিতে আরও ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার ১৩ জানুয়ারী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চতুর্থ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।
চতুর্থ দিনে ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। ১৭ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ২০৪ জন প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।
এর আগ ১২ জানুয়ারি তৃতীয় দিনের আবেদনের শুনানিরে পর ৪০ জনের আপিল মঞ্জুর করে ইসি। রবিবার ১১ জানুয়ারি ইসিতে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিল শুনানি হয়েছে।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।