Breaking News:


দ্বিতীয় দিনের মত কাকরাইল মোড় অবরোধ করে জবির আন্দোলনকারীরা : তীব্র যানজট

  • ১২:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মত তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ১৫ মে জবি শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি চলছে।

অনেক শিক্ষার্থী রাতে যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদের সামনে অবস্থান করেন। গতকাল বুধবার থেকে আজও তাঁরা টানা সেখানেই অবস্থান করছেন। এক পর্যায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্লাটফর্ম জবি ঐক্য।

আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে বৃহস্পতিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টার দিকেও অবস্থান করছিলেন শিক্ষার্থীরা।

কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে ওই এলাকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট।

তিন দফা দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

আগেরদিন দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করেন শিক্ষার্থীরা। পথে, পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এরপর কাকরাইল মোড়ে অবস্থান নেন তাঁরা। বুধবার রাতে সেখানে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। কিন্তু আন্দোলকারীদের মধ্যে জনৈক শিক্ষার্থী উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারলে তিনি আর কিছু না বলে সাথে সাথে স্থান ত্যাগ করেন। পুলিশ সন্দেহভাজনকে খুঁজছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো অবরোধের ফলে স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। তীব্র যানজটের মূখে পড়েছে অফিসগামী ও অন্যান্য ছাত্র-ছাত্রী ও সাধারন চলাচলকারী জনগণ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech