Breaking News:


সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো আজও বিক্ষোভ করেছেন কর্মচারীরা

  • ০২:০৭ পিএম, মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো আজও বিক্ষোভ শুরু করেছেন কর্মচারীরা।

মঙ্গলবার ২৭ মে বেলা সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

এদিকে, সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি।

অন্যদিকে, সচিবালয়ের অন্য পাশে সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

উল্লেখ্য, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে গত রবিবার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেন রাষ্ট্রপতি।

এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর শনিবার থেকেই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করে আসছিলেন। এরপর গত রবি ও সোমবার সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে। অধ্যাদেশটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech