শিরোনাম :

সুলতানি-মোঘল আমলের কায়দায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল

  • ১১:৪৩ এএম, সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এবারই প্রথমবারের মতো সুলতানি-মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিলের মাধ্যমে ঈদ আনন্দ উদযাপনে পুরাতন ঐতিহ্যবাহী সংস্কৃতির এক নতুন আয়োজনের ধারা শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এ আনন্দ মিছিলে দারুন উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ গ্রহণ করেছেন নগরবাসী।

সোমবার ৩১ মার্চ সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

মিছিলে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি, আর মিছিলে মোট ১৫টি ঘোড়ার গাড়ি যোগ হয়। ঘোড়ার গাড়িগুলোর শোভায় মিছিলে অংশগ্রহণকারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

অনেকদিন পর ঢাকা শহরে এভাবে ঈদ উদযাপিত হওয়ায় উচ্ছ্বসিত মানুষ। এটি ছিল ঢাকায় ঈদ উদযাপনের এক অনন্য দৃশ্য, যা সুলতানি মোঘল আমলের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech