।।বিকে রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যেন কখনো মনোবল না হারায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে- বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার ২৩ মার্চ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী ইফতার ও নৈশভোজের আয়োজনে বক্তব্যদানকালে এ কথা বলেন।
তিনি আরও বলেন, সেনাপ্রধান বলেন, আহতদের জন্য ডিএফআই, এসএসএফ, ব্যাংকার ও সেনাবাহিনী টাকা দিয়েছে। গণঅভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং এখনো ৩৯ জন সিএমএইচে চিকিৎসাধীন। আহতদের আর্থিক সহযোগিতা সেনাবাহিনীর পক্ষ থেকে জারি থাকবে।
আহতের উদ্দেশ্যে সেনাপ্রধান আরও বলেন, আপনারা কখনও মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান। দেশ ও জাতির জন্য আপনারা অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোজ খবর নেন। এছাড়াও, অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা হয়েছে এবং এরমধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন।