Breaking News:


অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ হচ্ছে পেজ

  • ১১:৩১ এএম, সোমবার, ১২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তাই শুধু অফলাইনে নয়, অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দলটির ভেরিফায়েড ফেসবুকসহ সাইবার স্পেসে কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিষিদ্ধের পরিপত্র জারির পরই এ ব্যাপারে কাজ শুরু করবে সংস্থাটি।

রবিবার ১১ মে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।

এর আগে, শনিবার ১০ মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

একই সাথে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।

নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে পেজটিতে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতেও পেজে শেয়ার করা হয়। এ ছাড়া পেজটিতে নিয়মিত বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।

উল্লেখ্য, ছাত্র জনতান গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে সাইবার স্পেসেই কার্যক্রম চালিয়ে আসছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।

ইন্টারনেটে ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার) এর মতো মাধ্যমগুলো ব্যবহার করে বক্তব্য, মতামত, বিবৃতি প্রচারসহ কার্যক্রম চালিয়ে আসছিল দলটি। একই সঙ্গে এসব মাধ্যম ব্যাবহার করে ভুয়া তথ্যও ছড়াতে দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech