আফতাবনগরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু মিথিলা সহ মারা গেলো একই পরিবারের ৪ জন

  • ১২:০৮ পিএম, শনিবার, ২৪ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর বাড্ডার আফতাবনগরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু মিথিলাও (৭) মারা গেছে। এ নিয়ে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের চারজনই মারা গেলো।

শুক্রবার ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির বাবা তোফাজ্জল (৩৫), মা মানসুরা (২৮) ও ও বোন তানজিলা (৪)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিথিলার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে যায়। তিনি আরও জানান, বর্তমানে মিথিলার বোন তানিশার চিকিৎসা চলছে। তার অবস্থাও সংকটাপন্ন।

উল্লেখ্য গত ১৬ মে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প সংলগ্ন একটি তিনতলা বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে স্বামী ও স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।  

তোফাজ্জলের মেয়ের জামাই মো. রিপন জানান, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মানের কাজ চলছে। সেখানে খুঁড়াখুঁড়ি কাজের সময় গ্যাস লাইনের লিকেজ হয়। সেখান থেকে গ্যাস বের হতে থাকে। ঘটনার সেদিন সকালে বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হয়। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীকালে সেদিন রাতে যখন বাসায় মশার কয়েল জ্বালাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির ৫ জন দগ্ধ হয়।

তোফাজ্জল পেশায় একজন দিনমজুর। ৪ কন্যা সন্তানের জনক তিনি। ঘটনাটিতে স্বামী-স্ত্রীসহ তার ছোট ৩ মেয়েই দগ্ধ হয়েছে। বাসায় না থাকায় আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে তার বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech