।।বিকে রিপোর্ট।।
ইঞ্জিন বিকল হয়ে সুন্দরবনের পশুর নদীতে ভাসমান দুইটি বোটসহ ৪২ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনের দুবলারচরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন পূণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন।
বুধবার দুবলারচরের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব শেষে যাত্রীসহ ফেরার পথে সন্ধ্যায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুটি বোর্ডের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বোট দুটি নদীতে ভাসতে থাকে। পরে বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
খবর পেয়ে রাত ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করে।
উদ্ধারকৃত সবাই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। উদ্ধার শেষে যাত্রী ও বোট দুটি জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় মানুষের নিরাপত্তা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে রাস উৎসব অনুষ্ঠিত হয়।