।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
১২ দিনের যুদ্ধ শেষে কাতারের মধ্যস্থতায় দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয়েছে।
মঙ্গলবার ২৪ জুন থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হয়।
উল্লেখ্য, ইরানের সঙ্গে যুদ্ধ করার সময় দখলদাররা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাতেও বর্বরতা অব্যাহত রেখেছিল। বিশ্বের দৃষ্টি যুদ্ধের দিকে থাকলেও দখলদার নিভৃতে অবরুদ্ধ গাজায় বর্ববর হামলা অব্যহত রাখে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের নজর যখন ইরান ইসরায়েল যুদ্ধের দিকে ছিল তখন দখলদাররা ৮৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। তবে যেসব মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন তাদের এই সংখ্যায় যুক্ত করা হয়নি। যার অর্থ ইসরায়েলিদের হামলায় গাজায় ধারণার চেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ১১৯ জন এবং ১ লাখ ২০ হাজার ২১৪ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই বেসামরিক নারী ও শিশু।
তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, বলা হয়েছে বিবৃতিতে।
এর আগে ২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় ২ মাসে দিনে গাজায় নিহত হয়েছেন ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৮ হাজার ১৭৩ জন।
যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।