Breaking News:


একনেক বৈঠক শেষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক

  • ০২:১৬ পিএম, শনিবার, ২৪ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।

শনিবার ২৪ মে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

এর আগে বেলা ১১টায় এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সাধারণত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি চলমান বহু বছর ধরে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছে পরিকল্পনা উপদেষ্টা।  

এরপরই উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক শুরু হয়। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। আপনাদের পরবর্তী সময়ে একনেক সভার সারসংক্ষেপ মেইল করে পাঠানো হবে।

গত দুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত বিষয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়েই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   

উল্লেখ্য, আজ সন্ধ্যায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তাঁর পদত্যাগের ভাবনার কথা বলেন। জানা যায়, এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন।

প্রায়ই সড়ক আটকে আন্দোলন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতাসহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি। অধ্যাপক ইউনূসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।

এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠাসহ জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল।

ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে। এ নিয়ে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ-আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অধ্যাপক ইউনূস পদত্যাগ করুন, কোনো দলই সেটা চায় না। তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech