এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ

  • ১০:২৫ এএম, রবিবার, ৭ জুন, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই আজ জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট।

এবারের বাজেট কাঠামোতে উন্নয়ন ব্যয়ের অগ্রাধিকার পুনর্বিন্যাস করে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে মানবসম্পদ উন্নয়নে। বিশেষ করে সামাজিক খাত হিসেবে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সরকারের ব্যয় পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকার রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে। শিক্ষা খাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

যা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ গুরুত্বের মধ্যে রয়েছে।শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ:শিক্ষা খাত: মোট ১ লাখ ২৩ হাজার কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দ রয়েছে, যা মোট জিডিপির প্রায় ২ শতাংশ এবং ইতিহাসের সর্বোচ্চ।

স্বাস্থ্য খাত: ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ পাবে ২৬ হাজার ৮০৬ কোটি টাকা এবং বাকিটা পাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

অর্থ মন্ত্রণালয় সূত্রের হিসাব থেকে দেখা গেছে, সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্বাস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দে বড় ধরনের উল্লম্ফন ঘটছে। বিপরীতে স্থানীয় সরকার, কৃষি এবং বিদ্যুৎ খাতের মতো বড় পরিচালন ও উন্নয়ন ব্যয়ের খাতে কিছুটা সংযত বা কম বরাদ্দের ইঙ্গিত দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শিক্ষা খাত। এজন্য বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষায় ৫০ হাজার ৩০২ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষায় ৪২ হাজার ১৪৫ কোটি টাকা বরাদ্দের প্রাক্কল করা হচ্ছে। দুই খাত মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ৯২ হাজার ৪৪৭ কোটি টাকা, চলতি অর্থবছরের চেয়ে যা ৯ হাজার ৪৮০ কোটি টাকা বেশি।

জানা গেছে, আগামী অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগে রাখা হচ্ছে ৪৩ হাজার ১৮৯ কোটি টাকা, চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩১ হাজার ২২ কোটি টাকা। ফলে আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে ১২ হাজার ১৬৭ কোটি টাকা।

স্থানীয় সরকারে বিভাগে চলতি অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ৪৩৩ কোটি টাকা। আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে রাখা হচ্ছে ৪৩ হাজার ১৩০ কোটি টাকা। শীর্ষ বরাদ্দ দেওয়া অন্য মন্ত্রণালয়ের মধ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৪২ হাজার ৪৬২ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪২ হাজার ১৪৫ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩৯ হাজার ৭৯ কোটি টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩১ হাজার ১০ কোটি টাকা এবং কৃষি মন্ত্রণালয়ে ২৮ হাজার ৭৭৬ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের জন্য ১৯ হাজার ২৪৪ কোটি টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ১৮ হাজার ৭৭ কোটি টাকা বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পেছনে সরকারের একটি বড় পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য সংস্কারের অংশ হিসাবে ‘ই-হেলথ কার্ড’ এবং ‘জাতীয় স্বাস্থ্যবিমা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ দুটি উদ্যোগকে ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, স্বাস্থ্য খাতে বড় আকারে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক সংকেত। ই-হেলথ কার্ড ও জাতীয় স্বাস্থ্যবিমার মতো উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়বে এবং ব্যয় কাঠামো আরও স্বচ্ছ হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech